ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা

থিম বিক্রয়
February 6, 2026 5:51 am
Link Copied!

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি এবং নবোদ্যম ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘বিশ্ব ক্যান্সার দিবস’।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যের পাদদেশ থেকে সচেতনতামূলক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন।

আলোচনা সভায় লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নবোদ্যম ফাউন্ডেশনের উপদেষ্টা মো. হারুনুর রশিদ বলেন, ক্যান্সার একটি প্রাণঘাতী ব্যাধি হলেও প্রাথমিক পর্যায়ে এটি শনাক্ত করা গেলে সুস্থ হওয়া সম্ভব। তবে এর জন্য সবার আগে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দিবসটি উপলক্ষে প্রেরিত এক বার্তায় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, ক্যান্সার শনাক্তকরণে বিলম্বই মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সঠিক সময়ে সচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং নিয়মিত স্ক্রিনিং বা স্বাস্থ্য পরীক্ষা এই মরণব্যাধি থেকে মুক্তি দিতে পারে। বিশ্ব ক্যান্সার দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—প্রতিরোধই হোক মূল শক্তি। আমরা সম্মিলিতভাবে কাজ করলে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে নবোদ্যম ফাউন্ডেশন নজরুল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. নওসাদ আলী বলেন, আমরা চাই একটি ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ গড়তে। নবোদ্যম ফাউন্ডেশন সবসময়ই মানবিক ও সামাজিক সচেতনতামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে। আজকের এই আয়োজনের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের মাধ্যমে এই সচেতনতার বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।