ঢাকাSaturday , 7 February 2026
  1. অপরাধ
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. গণ্যমাধ্যম
  8. চাকুরী
  9. ছোটদের পোস্ট
  10. জনদূর্ভোগ
  11. জাতীয়
  12. তথ্য প্রযুক্তি
  13. ধর্ম
  14. পাঠকের কলাম
  15. প্রবাস

দূষণের চিত্রে পরিবেশবান্ধব উদ্যোগ

থিম বিক্রয়
February 7, 2026 4:44 am
Link Copied!

দেশের বেশির ভাগ ইটভাটা পরিবেশদূষণের প্রতীক হিসেবে পরিচিত। তবে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মুড়াপাড়ায় একটি উদ্যোগ বদলে ফেলেছে ইটভাটার সেই পরিচিতি। প্রথম আলোর খবরে এসেছে, সেখানে পরিত্যক্ত একটি ইটভাটাকে ফুলের বাগানে রূপান্তর করেছেন তরুণ উদ্যোক্তা খালেদ মাসুদ সাগর। স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ নামের ওই উদ্যোগ পরিবেশবান্ধব উন্নয়ন ও স্থানীয় অর্থনীতির সম্ভাবনার এক অনুকরণীয় দৃষ্টান্ত।

স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ দেখিয়েছে, উন্নয়ন মানেই কেবল পরিবেশদূষণ নয়; বরং সৃজনশীল চিন্তা ও সাহসী সিদ্ধান্ত নিলে পরিত্যক্ত অবকাঠামোকেও জীবনের উৎসে পরিণত করা সম্ভব। একসময় যে জায়গাটি পরিবেশের জন্য বোঝা ছিল, আজ সেখানে ফুলের সুবাস, সবুজের সমারোহ আর মানুষের হাসিমুখ। এই রূপান্তর আমাদের উন্নয়ন ভাবনার দিক পরিবর্তনের কথাই মনে করিয়ে দেয়।

আইন বিষয়ে পড়াশোনা শেষ করে প্রচলিত পেশার পথে না হেঁটে খালেদ মাসুদ সাগর যে ঝুঁকি নিয়েছেন, তা বাংলাদেশের তরুণসমাজের জন্য বিশেষ বার্তা বহন করে। পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে শুরু করা এই বাগান আজ শুধু তাঁর জীবিকার উৎস নয়, আশপাশের অন্তত ২০ জনের কর্মসংস্থানের মাধ্যম।

এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পাহাড়ি অঞ্চলে কৃষির নতুন সম্ভাবনা উন্মোচন। দুই শতাধিক ধরনের ফুলের চাষ প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও যত্ন পেলে পাহাড়ি মাটি ও আবহাওয়া বাণিজ্যিক ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এতে স্থানীয় মানুষের মধ্যেও আগ্রহ তৈরি হচ্ছে। ফুলের চারা কিনে নিয়ে অনেকে নিজেদের আঙিনায় বা জমিতে চাষ শুরু করছেন। দীর্ঘ মেয়াদে এটি একটি স্থানীয় ফুলভিত্তিক অর্থনীতির ভিত্তি তৈরি করতে পারে।

স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা দেখাচ্ছে। খাগড়াছড়ির মতো অঞ্চলে বিনোদনের সুযোগ সীমিত। সেখানে এই ফুলের গ্রাম মানুষের মানসিক প্রশান্তির জায়গা হয়ে উঠেছে। পরিবার নিয়ে ঘোরার সুযোগ, শিশুদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা আর প্রকৃতির সঙ্গে সময় কাটানোর পরিসর তৈরি হয়েছে। ছোট পরিসরে হলেও এটি অ্যাগ্রো ইকোট্যুরিজমের একটি কার্যকর উদাহরণ।

এই উদ্যোগ আমাদের নীতিনির্ধারকদের জন্যও ভাবনার খোরাক জোগায়। দেশে পরিত্যক্ত ইটভাটা, অকার্যকর শিল্প এলাকা কিংবা অনাবাদি জমির সংখ্যা কম নয়। পরিকল্পিত সহায়তা, সহজ ঋণ ও কারিগরি পরামর্শ দিলে এমন উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে। এতে পরিবেশ রক্ষা পাবে, কর্মসংস্থান তৈরি হবে এবং স্থানীয় পর্যায়ে অর্থনীতি শক্তিশালী হবে।

স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজের মতো উদ্যোগগুলো একেকটি সম্ভাবনার দুয়ার। যে সম্ভাবনা বলে দেয় উন্নয়ন যদি মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধন শক্ত করে, তবে সেটিই টেকসই উন্নয়ন। আমরা আশা করি, দেশের পরিত্যক্ত ইটভাটাগুলোকে প্রাণ ও প্রকৃতিবান্ধব উদ্যোগে পরিণত করতে ব্যক্তির পাশাপাশি প্রশাসনও এগিয়ে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।